নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের প্রস্তুতি। এরই ধারাবাহিকতায় ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন আরিফুল ইসলাম। বিভিন্ন সময় তিনি গ্রেফতার, হামলা ও একাধিক মামলার শিকার হয়েছেন। আন্দোলনের মাঠে তার সাহসী অবস্থান তাকে স্থানীয়দের কাছে একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিতি দিয়েছে। তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের বিশ্বস্ত কর্মী হিসেবেও পরিচিত।
পারিবারিকভাবে রাজনৈতিক ও জনসেবামূলক ঐতিহ্য বহন করে আসছেন আরিফুল ইসলাম। তার পিতা মরহুম তাজুল ইসলাম মেম্বার মোগরাপাড়া ইউনিয়নে দুইবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। পিতার মৃত্যুর পর তার মাতা মোসাঃ মরিয়ম বেগম সংরক্ষিত মহিলা মেম্বার হিসেবে দুইবার নির্বাচিত হয়ে এলাকার মানুষের সেবা করেছেন।
এ বিষয়ে আরিফুল ইসলাম বলেন,
“আমার পরিবার সবসময় জনগণের পাশে থেকেছে। আমিও সেই পথেই চলতে চাই। ইনশাআল্লাহ, আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে মোগরাপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে সবার জন্য সমানভাবে কাজ করবো—কোনো দল-মত ভেদাভেদ থাকবে না।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে কর্মসংস্থানের আওতায় আনা এবং সুশাসন প্রতিষ্ঠা হবে তার প্রধান অঙ্গীকার। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে একটি আধুনিক ও নিরাপদ ওয়ার্ড গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
স্থানীয়দের প্রত্যাশা, তরুণ ও উদ্যমী প্রার্থী হিসেবে আরিফুল ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করলে এলাকায় নতুন নেতৃত্বের বিকাশ ঘটবে এবং উন্নয়নের ধারা আরও গতিশীল হবে।