তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ ঃ
নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ সভায় "পুলিশই জনতা, জনতাই পুলিশ" স্লোগানকে সামনে রেখে ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ও ১০ সদস্যের উপদেষ্টা পরিষদসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুকে সভাপতি এবং মাসুদ রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ মহানগরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতি প্রতিরোধে জনগণের তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির নবগঠিত সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।