তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকার ৬৯নং দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও কাঠজাতীয় গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে অনুষ্ঠিত এ কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুম রানা। এ সময় উপস্থিত ছিলেন সানাউল্লাহ, রিপনসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে মাসুম রানা বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং গাছ লাগানোর প্রতি আগ্রহ সৃষ্টি হবে।”
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও কাঠজাতীয় গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশ সংরক্ষণে এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
স্থানীয়দের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি শিক্ষার্থীদের প্রকৃতিপ্রেমী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলবে।