তরিকুল ইসলাম (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাজী মতিউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসবির আহমেদের দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, তিনি প্রায় চার বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। এত দীর্ঘ সময় একজন প্রধান শিক্ষক কীভাবে ছুটিতে রয়েছেন, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাঁর আপন ভাই পারভেজ আহমেদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করছেন। একই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্ত্রী সানজিয়াও বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষকের দীর্ঘ অনুপস্থিতি এবং একই পরিবারের একাধিক সদস্যের বিদ্যালয়ের কার্যক্রমে প্রভাব থাকায় প্রশাসনিক ব্যবস্থাপনা ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগগুলো যাচাই-বাছাই করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসবির আহমেদের দীর্ঘদিনের অনুপস্থিতির কারণ, তাঁর ছুটির অনুমোদন এবং এ সময়ে বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।