নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ অভিযানে বিভিন্ন অভিযোগ ও মামলায় মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) সোনারগাঁ থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলায় ১ জন, মাদক সংক্রান্ত ভ্রাম্যমাণ অভিযানে ৭ জন এবং পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদক ও অপরাধমুক্ত নিরাপদ সোনারগাঁ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।