তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঞ্চল্যকর পরিবহন শ্রমিক সজীব হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১১ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যৌথ আভিযানিক দল।
গ্রেফতারকৃতরা হলেন মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মাইকেল (৪৫) এবং তার ছেলে ২ নম্বর আসামি মো. আপন (২২)। তারা উভয়েই সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল ধনকুন্ডা এলাকার বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড় এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরিবহন শ্রমিক সজীব স্থানীয় একটি চায়ের দোকানে অবস্থানকালে পূর্ব শত্রুতার জের ও মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে মাইকেল, তার ছেলে আপনসহ আরও ১০ থেকে ১২ জন সংঘবদ্ধভাবে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলাকারীরা সজীবকে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত সজীবের মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব-১১।
এরই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৩০ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৩টার দিকে ফতুল্লা থানার নন্দলালপুর উত্তর মহল্লা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যাব-১১ সদর কোম্পানি ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের যৌথ দল মাইকেল ও তার ছেলে আপনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।