তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রদিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন গোকুলদাসবাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১, নারায়ণগঞ্জ।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বন্দর থানার গোকুলদাসবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নেত্রকোনার মদন থানার কাইটাল এলাকার মৃত মহিম উদ্দিনের ছেলে কামরুল হাসান (২৯) এবং বন্দর থানার গোকুলদাসবাগ এলাকার মোঃ মাসুক ভূঁইয়ার ছেলে মোঃ মিজানুর রহমান (২৭)।
এসআরবি-১১ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে। তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলেও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এবং যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় এসআরবি-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।