তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আয়াছ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৩টা ৪০ মিনিটে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের আষাড়িয়ারচর পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সফি উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্দেহভাজন মোঃ আয়াছের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরিহিত পায়জামার ডান পকেটে কালো কসটেপে মোড়ানো সাদা জিপারযুক্ত প্যাকেট থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।