নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ জন, মাদকসেবী ৭ জন এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৪ জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে মাদকসেবী হিসেবে গ্রেফতার করা হয়—মোঃ আকাশ (২১), মোঃ রিফাত (১৯), মোঃ আরিফ (২৮), আব্দুল খালেক (৩০), মোঃ হেলাল (৫০), মোঃ আলম (৩৭) ও মোঃ মীর হোসেন (৪৫)। তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে মোঃ হোসেন (৩৩), কাজী কাওসার (৪০) ও নেহাল মেম্বর (৪৫)কে। পুলিশি তথ্যে তাদের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কথা উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত চারজন হলেন—শাহীন (৩১), রোকেয়া আক্তার তিথি (৩২), ফারজানা এবং মামুন মিয়া।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া মোট ১৪ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।