সেনাবাহিনীর বিশেষ অভিযানে রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুই তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রোববার (২ ফেব্রুয়ারি) ভোর ৪টা পর্যন্ত ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ সেনাবাহিনীর একটি ইউনিট এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন গোলাকান্দাইল ও ভুলতা এলাকার বাসিন্দা হারুন মিয়ার ছেলে কাওসার (২৭) এবং সীতারাম দাশের ছেলে শ্রী রবি দাশ (৩৮)। সেনাবাহিনী জানায়, আটক দুজনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ অপরাধী।
অভিযানকালে তাদের কাছ থেকে ১টি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি ওয়ান শুটার গান, ১টি ডামি পিস্তল এবং ১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আসামিদের রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্রধারীদের দমন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “সেনাবাহিনীর একটি চৌকস দল রাতে ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় অত্যন্ত সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে দুইজন সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। ভোরে তাদের উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”