
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫৫০ বোতল স্কাফ উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টার দিকে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১১ জানায়, মাদক নির্মূলে ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ৫৫০ বোতল স্কাফ, একটি প্রাইভেটকারসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
১) রবিন খান (২৮), পিতা: শামসুজ্জামান
২) জিয়াউল রহমান (৩৮), পিতা: নবীর মন্ডল
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে রাজশাহীর সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।