
তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিলাসবহুল জিপ (টয়োটা ক্লুগার) গাড়ি থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ করেছে র্যাব-১১। তবে অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন সন্দেহভাজন মাদক কারবারি দৌড়ে পালিয়ে যায়।
র্যাব-১১ জানায়, মাদকদ্রব্য নির্মূলে এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে তারা নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ২৫ জুলাই ২০২৬ বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী একটি বড় চালান নিয়ে বন্দর থানার মদনপুর এলাকায় রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে র্যাব ঘটনাস্থলে পৌঁছালে একটি বিলাসবহুল টয়োটা ক্লুগার জিপ থেকে একজন ব্যক্তি নেমে দ্রুত পালিয়ে যায়। পরে গাড়িটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
জব্দকৃত মাদক এবং অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।