
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে গুনে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা প্রশাসন এ ব্যবস্থা নেয়।
রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস বিষয়টি রাত ১১টার দিকে নিশ্চিত করেন।
জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, ইমরান শেখের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) ধারায় বর্ণিত অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এই বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী তাকে ২৬ জুলাই থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
ভিডিওতে দেখা যায়, ইমরান শেখ নিজের কার্যালয়ে বসে এক সেবাগ্রহীতার কাছ থেকে টাকা নিয়ে গুনে রাখছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ইমরান শেখ ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ভিডিওতে দেখা টাকা ঘুষের নয়; বরং আগে ধার দেওয়া অর্থ ফেরত নেওয়ার সময় ভিডিওটি ধারণ করা হয়েছে। তবে তিনি ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান জানিয়েছেন, এর আগে দাপ্তরিক অনুপস্থিতির কারণে ইমরান শেখকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছিল। পরে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেওয়া হয়।