
ভয় আর অনিশ্চয়তার আঁধার পেরিয়ে অবশেষে স্কুলে ফিরেছে ছোট্ট ওয়াসিফা জান্নাত তাসকিন। অপহরণের ট্রমা পেছনে ফেলে বই-খাতা হাতে আবার ক্লাসরুমে প্রবেশ করেছে এই শিশু শিক্ষার্থী। তার ফিরে আসার মুহূর্তটি রূপ নিয়েছিল এক আবেগঘন উৎসবে।
রোববার (২৬ জুলাই) সকাল ৮টায় ওয়াসিফা স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাকে রেডি করে দিয়ে রাস্তা পর্যন্ত এগিয়ে দেন মা তাসলিমা বেগম। বাবার হাত ধরে স্কুলের পথে হাঁটতে থাকলে রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ইমাম আজম আবু হানিফা বিদ্যালয়ের মূল ফটকে উৎসুক ভিড় জমে যায়।
শিক্ষক, সহপাঠী ও অভিভাবকদের চোখে ছিল অপেক্ষা। কিছুক্ষণ পর ওয়াসিফা বিদ্যালয়ে পৌঁছালে সহপাঠীরা একসাথে বলে ওঠে, ‘প্রিয় ওয়াসিফা, তোমাকে আমাদের স্কুলে স্বাগতম।’ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নুরুল আবছার ওয়াসিফার হাতে তুলে দেন ভালোবাসার উপহার।
ক্লাসরুমে পা রাখতেই বন্ধুরা আবেগে তাকে জড়িয়ে ধরে। কারো মুখে হাসি, কারো চোখে জল। কয়েক দিনের ভয় আর আতঙ্কের ছাপ মুহূর্তেই মুছে যায়। ওয়াসিফার ফিরে আসা যেন প্রমাণ করে, অন্ধকার যতই গভীর হোক, মানুষের ভালোবাসা ও সাহস সবসময় জয়ী হয়।
উল্লেখ্য, গত ২০ জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওয়াসিফা অপহরণের শিকার হয়। পুলিশ জানায়, মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এ অপহরণ ঘটানো হয়েছিল। পরবর্তীতে পুলিশি তৎপরতায় ওয়াসিফাকে উদ্ধার করা হয় এবং তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।