সরকারি রাস্তা দখল করে কাঠের ব্যবসা, সোনারগাঁয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সরকারি রাস্তা দখল করে গাছ ও কাঠের স্তূপ রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিনটি টিম্বার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠান তিনটিকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সোনারগাঁও পৌরসভার সাহাপুর ও হাতকোপা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার ওপর গাছ ও কাঠের স্তূপ রেখে সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনার চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে মা-বাবার দোয়া টিম্বারকে ২ হাজার টাকা, জয়নাল টিম্বারকে ২ হাজার টাকা এবং আল-আমীন টিম্বারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা কিংবা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। রাস্তার ওপর কাঠ, গাছ বা অন্য কোনো মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, “সরকারি রাস্তা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা বা জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর কোনো সুযোগ নেই। যারা সরকারি জায়গা দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আজ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এরপরও যদি কেউ একই কর্মকাণ্ডের পুনরাবৃত্তি করে, তাহলে শুধু জরিমানা নয়, প্রচলিত আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
এদিকে অভিযানের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। স্থানীয়রা সরকারি রাস্তা দখলমুক্ত রাখার পাশাপাশি ভবিষ্যতে পুনরায় দখল ঠেকাতে নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।