সোনারগাঁয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ মো. ইয়াসিন মিয়া (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আরিফুজ্জামানের নেতৃত্বে ২৫ আগস্ট ২০২৬ রাত ৯টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সোনারগাঁ থানাধীন কাঁচপুর পুরান বাজারের রংপুর গলির ভেতর হাসানের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে ইয়াসিন মিয়াকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে সর্বমোট ৩০০ গ্রাম নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তার ইয়াসিন মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার জালালপুর গ্রামের মৃত লিটন মিয়ার ছেলে। বর্তমানে তিনি সোনারগাঁ থানাধীন কাঁচপুর উত্তরপাড়া এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।