সোনারগাঁয়ে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, জরিমানা ১০ হাজার টাকা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া বাজারে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে দুটি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মোগরাপাড়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। এ সময় নারায়ণগঞ্জের ড্রাগ সুপার এবং সোনারগাঁ থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার বলেন, “অননুমোদিত, মেয়াদোত্তীর্ণ কিংবা স্যাম্পল ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আইন অমান্য করে কেউ যাতে এ ধরনের ওষুধ বিক্রি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ওষুধ সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে চলতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষায় যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।