সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা অপসারণ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং বাড়িঘর ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এবং সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
অভিযানে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো প্রয়োজন। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম, নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
তারা আরও বলেন, এডিস মশা সাধারণত স্বচ্ছ ও জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই কোথাও কয়েক দিন ধরে পানি জমে থাকতে দেওয়া যাবে না। বাসাবাড়ির পাশাপাশি দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, নির্মাণাধীন স্থাপনা ও খোলা জায়গায় জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে।
ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে উচ্চ জ্বর, মাথাব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা, চোখের পেছনে ব্যথা, বমি বমি ভাব বা ত্বকে র্যাশের মতো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পাশাপাশি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানো গেলে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এজন্য প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।