তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন আষারিরচর এলাকার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে প্রায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিসান (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন। এ সময় কুমিল্লা থেকে আসা একটি ১৫০ সিসি কালো-লাল রঙের পালসার মোটরসাইকেল (রেজি: ঢাকা মেট্রো-ল-৪৭-৭৪২৯) থামানোর সংকেত দিলে চালক তা অমান্য করে দ্রুত ঢাকার দিকে পালানোর চেষ্টা করে। কিছু দূর যাওয়ার পর মোটরসাইকেলের পিছনের চাকা পাংচার হয়ে গেলে আরোহী দুইজন মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরে পুলিশ মোটরসাইকেলটি তল্লাশি করে একটি ম্যাগি ইনস্ট্যান্ট নুডলসের কার্টনের ভেতরে কসটেপ দিয়ে মোড়ানো দুইটি পোটলা থেকে আনুমানিক ৫ কেজি গাঁজা উদ্ধার করে। মোটরসাইকেলটি ঘটনাস্থল থেকে জব্দ করা হয়।
এ ঘটনায় অভিযান চালিয়ে রাত ১১টা ২৫ মিনিটের দিকে সোনারগাঁ থানার পৌর ভবনাথপুর এলাকা থেকে জিসান (২২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, মোটরসাইকেলটি তার চাচা আবু হানিফের এবং চাচাতো ভাই নাইমের কাছ থেকে চাবি নিয়ে সে বন্ধু জীবনকে সাথে নিয়ে ঘুরতে বের হয়। পরে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির কাছ থেকে গাঁজা কিনে কাঁচপুর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসছিল। মোটরসাইকেলটি জীবন চালাচ্ছিল এবং গাঁজার কার্টনটি তার (জিসানের) কোলের ওপর ছিল।
পলাতক আসামী জীবনকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।