তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানারোড সড়কে সড়কে দীর্ঘদিন ধরে চলমান তীব্র যানজট এখন ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানবাহন স্থবির হয়ে থাকায় চরম দুর্ভোগে পড়ছেন পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা। ব্যস্ত এই দুই সড়কে সামান্য দূরত্ব অতিক্রম করতেও লাগছে অস্বাভাবিক সময়, ফলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা ও শ্রমিকদের মূল্যবান সময়।
স্থানীয়দের অভিযোগ, আসন্ন ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বড় বড় মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান অনিয়ন্ত্রিতভাবে এ সড়কে প্রবেশ করায় সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে সড়ক দুটিতে একেবারে স্থবির অবস্থা বিরাজ করে। এতে জরুরি প্রয়োজনে বের হওয়া রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ সাধারণ মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
ভুক্তভোগীদের ভাষ্য, চৌরাস্তা থেকে ঢাকায় যেতে যেখানে সময় লাগে মাত্র ৪৫ মিনিট, সেখানে মোগরাপাড়া থেকে থানা রোড হয়ে নিজ বাসায় ফিরতে সময় লাগছে ৩০ থেকে ৩৫ মিনিট। অল্প দূরত্বের এ দীর্ঘ সময়ের যাতায়াত তাদের দৈনন্দিন জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছে।
চাকুরীজীবীরা জানান, যানজটের কারণে নিয়মিত কাজে সময়মতো উপস্থিত থাকতে পারছেন না তারা। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, পণ্য পরিবহনে দেরি হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। পথচারীদেরও ঘণ্টার পর ঘণ্টা ধুলাবালি ও যানবাহনের কালো ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কের পাশে অবৈধ পার্কিং, যত্রতত্র গাড়ি দাঁড় করানো, ফুটপাত দখল এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার অভাবই মূলত যানজটের প্রধান কারণ। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা না নিলে ঈদকে সামনে রেখে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।
ভুক্তভোগীরা নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান
এবং সোনারগাঁ উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, যানজট নিরসনে স্থায়ী ট্রাফিক ব্যবস্থা চালু, অবৈধ পার্কিং উচ্ছেদ, মালবাহী ভারী যানবাহনের বিকল্প রুট নির্ধারণ এবং সড়কের প্রয়োজনীয় সংস্কার ও সম্প্রসারণ করা হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন এলাকাবাসী।