তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডেটিং অ্যাপের ফাঁদে ফেলে অপহৃত এক কিশোরকে উদ্ধার করেছে র্যাব-১১। এ ঘটনায় জড়িত হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, অপহৃত কিশোর ঢাকার আজিমপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রায় এক মাস আগে TanTan ডেটিং অ্যাপের মাধ্যমে “ইনায়া শেখ” নামের একটি আইডির সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই আইডি থেকে তাকে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন চরধলেশ্বরী এলাকায় দেখা করার জন্য বিভিন্ন প্রলোভন দেওয়া হয়।
গত ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে কিশোরটি নির্ধারিত স্থানে পৌঁছালে তাকে অপেক্ষা করতে বলা হয়। কিছুক্ষণ পর ৯–১০ জনের একটি দল এসে তাকে জোরপূর্বক ধরে পাশের একটি ভুট্টা ক্ষেতের গভীরে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে তার কাছে থাকা মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।
পরবর্তীতে অপহরণকারীরা ভিকটিমের মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং দ্রুত টাকা পাঠানোর জন্য চাপ দেয়। পরিবারের সদস্যরা সময় নেওয়ার কৌশল হিসেবে বিকাশের মাধ্যমে ৪ হাজার ৫০০ টাকা পাঠান এবং বন্দর থানায় মামলা দায়ের করেন।
মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল সাড়ে ৪টার দিকে র্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল চরধলেশ্বরী এলাকার একটি ভুট্টা ক্ষেতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে উদ্ধার করে এবং হানি ট্র্যাপ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
মো. আকাশ (২৪), সিয়াম (২২), ফয়সাল (২৮), সঞ্জয় শীল (২০) ও বায়েজিদ (২৩)।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অনলাইন ডেটিং অ্যাপ ব্যবহার করে সংঘটিত এ ধরনের অপরাধ থেকে সচেতন থাকার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।