তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোড ও কাঁচপুর এলাকায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুইটি পরিবহনকে জরিমানা করেছে র্যাব-১১ ও জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) র্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বিভিন্ন বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুটি পরিবহনকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ উঠে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে জনমনে অসন্তোষ সৃষ্টি হয় এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। পরবর্তীতে জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযানে নীলাচল পরিবহনকে ৪ হাজার ৩০০ টাকা এবং ইকোনো পরিবহনকে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই “বাংলাদেশ আমার অহংকার” শ্লোগান নিয়ে সংস্থাটি সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। জনগণের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।