তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘদিনের ক্ষোভ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, খুব দ্রুতই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
মন্ত্রী বলেন, “প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মাঝে দীর্ঘদিন ধরেই এক ধরনের অস্বস্তি ও অসন্তোষ বিরাজ করছিল। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। একটি গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই আমরা এই মিটার চার্জ পদ্ধতিটি পুরোপুরি তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী প্রত্যেক গ্রাহককে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা ‘মিটার ভাড়া’ হিসেবে পরিশোধ করতে হয়। তবে গ্রাহকদের অভিযোগ ছিল— মিটারের নির্ধারিত মূল্য পরিশোধ হয়ে যাওয়ার পরও বছরের পর বছর ধরে এই চার্জ আদায় করা হচ্ছে, যা অযৌক্তিক। এই চার্জ বাতিলের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন ও দাবি জানিয়ে আসছিল।
সরকারের এ নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা হলেও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এটি গ্রাহকদের জন্য একটি স্বস্তিদায়ক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।