তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ রোববার, ০৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগের প্রেক্ষিতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৪ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে ১ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইটভাটায় কর্মরত কর্মচারীদের এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এ সময় উপস্থিত সকলকে জানানো হয় যে, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের সজাগ দৃষ্টি রয়েছে এবং জনস্বার্থে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাদিয়া আক্তার। মোবাইল কোর্ট পরিচালনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশ ও র্যাব, সার্বিক সহায়তা প্রদান করেন।
এ অভিযানের সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।
জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।