তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে দুর্ধর্ষ ডাকাত সর্দার হিসেবে পরিচিত সোহান ওরফে ‘জঙ্গী সোহান’ (২৫)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সোহানের পিতার নাম দুলাল হোসেন। তিনি সোনারগাঁ উপজেলার হাবিবপুর এলাকার বাসিন্দা।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. ছারোয়ার হোসেনের নেতৃত্বে ৩০ জুন ২০২৬ তারিখে সোনারগাঁ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতা, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন এবং অন্যান্য গুরুতর অপরাধসহ মোট ১৯টি মামলা রয়েছে।
এসব মামলার মধ্যে অধিকাংশেই তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া কয়েকটি মামলায় তদন্তে সন্দিগ্ধ হিসেবে তার নাম রয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৪, ৩৯৫, ৩৯৭, ৩৯৯, ৪০২, অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের বিভিন্ন ধারায় মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদক, ডাকাতি, দস্যুতা ও অন্যান্য অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।