তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা বলেছেন, “বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ দেওয়া হবে না। জনগণের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই সব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।”
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং চলমান প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপজেলার সাদীপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজ, সোনারগাঁ পৌরসভার ডিজিটাল সেন্টার, তথ্যকেন্দ্রসহ বিভিন্ন ইউনিয়নে বাস্তবায়িত ও চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে অবহিত হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোছাম্মৎ সেলিনা বানু, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির এবং জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্যের পুত্র খাইরুল ইসলাম সজিব।
এছাড়াও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান, কাঁচপুর রাজস্ব সার্কেলের ফাইরুজ তাসনিম, সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিভাগীয় কমিশনার বলেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন করার পাশাপাশি কাজের গুণগত মান বজায় রাখার নির্দেশনা দেন।