সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে এক যুবককে প্রকাশ্যে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, টেঙ্গরচর গ্রামের বাসিন্দা মো. আরিফ হোসেন (৩৯) গত ৮ জুলাই দুপুর ১২টার দিকে পিরোজপুর ইউনিয়নের বৈদ্যেরবাজার (রতনপুর নতুন মসজিদ সংলগ্ন) এলাকায় অবস্থানকালে হাজীর ইসলাম নামে এক ব্যক্তি ও তার সঙ্গে থাকা আরও ২-৩ জন তাকে প্রকাশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন।

লিখিত অভিযোগে আরিফ হোসেন উল্লেখ করেন, ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত পক্ষ সালিশে উপস্থিত হয়নি। বরং পুনরায় তাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করেছেন ভুক্তভোগী।

এ বিষয়ে সোনারগাঁ থানার পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।