তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বসতবাড়ি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০২ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে মো. ইয়াছিন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের কামাল মিয়ার ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ইয়াছিন নিজেকে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।