সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা।

জন্মদিন উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

এক শ্রদ্ধা বার্তায় মাসুম রানা বলেন, “প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের একজন আপসহীন নেত্রী। তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে পরিপূর্ণ। তাঁর আদর্শ ও মানুষের প্রতি দায়বদ্ধতা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর জন্মদিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করছি।”

মাসুম রানা বলেন, পিরোজপুর ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করাই তাঁর অন্যতম লক্ষ্য। প্রয়াত নেত্রীর আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে মানুষের সেবা ও এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং তাঁর পরিবার, স্বজন, নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দেশব্যাপী দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।