সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠন ও স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেংগাকান্দি এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুম রানার নিজ কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মাসুম রানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী, বিএনপির স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিলাদ শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং মানুষের সার্বিক কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে আয়োজক মাসুম রানা বলেন, “বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশ ও মানুষের প্রতি তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জন্মবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য দোয়া করেছি।”

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার ভূমিকা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। জন্মবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।

দোয়া ও মোনাজাত শেষে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন মাসুম রানা। এ সময় উপস্থিত সবাই দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।