তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—মো. জাবেদ (২৭) ও মো. আসিফ (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তদারকিতে অভিযানটি পরিচালিত হয়। সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. জাবেদ নারায়ণগঞ্জের বন্দর থানার চানপুর (ছোটবাগ) এলাকার মোখলেছের ছেলে এবং মো. আসিফ সোনারগাঁ থানার ললাটি এলাকার মোস্তফার ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সোনারগাঁ থানার মামলা নং-১৫, তারিখ ৮ আগস্ট ২০২৬, ধারা ৩৯৫/৩৯৭, দণ্ডবিধি ১৮৬০-এর মামলা রয়েছে।
এছাড়া গ্রেপ্তার জাবেদের বিরুদ্ধে যাচাই-বাছাই করে বন্দর থানার এফআইআর নং-২, তারিখ ১ অক্টোবর ২০২৪, জিআর নং-৩০৪ এবং দণ্ডবিধির ৩৯৫/৩৯৭ ধারায় মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশ পাহারায় গ্রেপ্তার দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।