ষ্টাফ রিপোর্টারঃ
দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সমর্থিত এলডিপির প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাঁদের মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন।
সংসদ সদস্যরা জাতীয় সংসদে তাঁদের নির্ধারিত আসনে বসে ব্যালটের মাধ্যমে ভোট দেন। নির্বাচন কমিশনের ২০ জন কর্মকর্তা ভোটগ্রহণে সহায়তা করেন এবং সংসদ সদস্যদের ব্যালট পেপার সরবরাহ করেন। ভোট শেষে ব্যালট তিনটি স্বচ্ছ বাক্সে জমা দেওয়া হয়।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
ভোটের ফলাফলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। ফলে ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে নিষ্পত্তি হলো।