তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার ডেমরা-নারায়ণগঞ্জ সড়কসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ রনি ভূঁইয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, ১৭ আগস্ট রাত সাড়ে ২টার দিকে র্যাব-১১-এর সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা-নারায়ণগঞ্জ সড়কসংলগ্ন একটি বাসায় অভিযান চালায়। এ সময় রনি ভূঁইয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রনি তার ব্যবহৃত ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, আট রাউন্ড গুলি এবং ১০০ গ্রাম হেরোইন বের করে দেন বলে দাবি করেছে র্যাব।
পরে তার বাসায় তল্লাশি চালিয়ে দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক, একটি ইলেকট্রিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার রনি ভূঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার হাসান ভূঁইয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকার ডেমরা থানার মধ্য হাজীনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
র্যাব আরও জানায়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে রনির বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াইহাজার, ঢাকার ডেমরাসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি ও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।