তরিকুল ইসলাম (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতি এসেছে। ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগ ও তৎপরতায় দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে নেওয়া হচ্ছে ধারাবাহিক পদক্ষেপ। এতে বদলে যেতে শুরু করেছে ইউনিয়নের সামগ্রিক চিত্র।

দায়িত্ব নেওয়ার পর থেকেই রাস্তা-ঘাটের সংস্কার, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও অবকাঠামোগত উন্নয়নসহ জনদুর্ভোগের বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিশেষ করে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার, ইটের সলিং, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা অনেক এলাকার মানুষের দুর্ভোগ কমতে শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের মতে, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কাজ করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি তাঁদের আস্থা বেড়েছে। কোনো এলাকায় সমস্যা দেখা দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে সমাধানের চেষ্টা করছেন।

বৈদ্যেরবাজার ইউনিয়নের উন্নয়ন প্রসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, “জনগণের সেবা করাই আমার প্রধান দায়িত্ব। ইউনিয়নের প্রতিটি এলাকার মানুষের মৌলিক সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধান করা হবে। উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষও পান, সে লক্ষ্যেই কাজ করছি।”

স্থানীয়দের প্রত্যাশা, চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় থাকলে অদূর ভবিষ্যতে বৈদ্যেরবাজার ইউনিয়ন একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে উঠবে। তাঁদের মতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, তা অব্যাহত থাকলে বদলে যাবে বৈদ্যেরবাজার ইউনিয়নের চিত্র।