তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দরে অটো-রিকশা গ্যারেজের ম্যানেজারসহ কয়েকজনকে হাত-পা ও মুখ বেঁধে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ব্যাটারি ও নগদ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. হৃদয়কে (২৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ভূঁইঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জ ও র‌্যাব-৩, ঢাকার যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বন্দর থানাধীন আন্দিরপাড়ে সাহেরা গার্ডেন সংলগ্ন নিলুফা আক্তারের মালিকানাধীন ‘মরিয়ম অটো-সিএনজি’ গ্যারেজে বিভিন্ন অটো-রিকশা, মিশুক ও ইজিবাইক দৈনিক ভাড়া চুক্তিতে রেখে চার্জ দেওয়া হতো।

গত ১ জুলাই রাতের বেলা গ্যারেজটিতে ৩২টি অটো-রিকশা, মিশুক ও ইজিবাইক চার্জে ছিল। ভোর সাড়ে ৪টার দিকে মো. হৃদয়সহ অজ্ঞাতনামা ৮-৯ জনের একটি ডাকাত দল গ্যারেজের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে গ্যারেজের ম্যানেজার মো. ফয়সাল এবং অটো-রিকশার মালিক সাইদুল, রুবেল ও আব্দুল হককে জিম্মি করে। পরে রশি ও কাপড় দিয়ে তাদের হাত-পা ও মুখ বেঁধে মাটিতে ফেলে রাখে।

ডাকাতরা গ্যারেজের ক্যাশে থাকা ২২ হাজার টাকা এবং অটো-রিকশা, মিশুক ও ইজিবাইকের প্রায় ১০৬টি ব্যাটারি নিয়ে যায়। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত হৃদয়ের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতির অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।