তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী এলাকা থেকে অপহৃত শিশু আফরিন আক্তার মীমকে (৫) অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় জনতা। এ সময় অপহরণের সঙ্গে জড়িত এক নারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ভুক্তভোগী শিশুর মা জানান, বারদী এলাকার বটেরপাড়া গ্রামে তাঁদের বাড়ির কাছে এক কবিরাজের কাছে চিকিৎসা নেওয়ার অজুহাতে এক অপরিচিত নারী আসেন। একপর্যায়ে ওই নারী বাড়িতে গিয়ে পানি খাওয়ার কথা বলে পরিবারের সাথে কথা বলতে থাকেন। পরে কৌশলে মীমের সাথে থাকা অপর এক কিশোরীকে (১২) বাড়ি থেকে ওড়না এনে দেওয়ার কথা বলে সরিয়ে দেন। এই সুযোগে ওই নারী মীমকে দ্রুত সঙ্গে নিয়ে পালিয়ে যান।
পরিবারের সদস্যরা মীমকে খুঁজে না পেয়ে তাৎক্ষণিকভাবে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুক) শিশুর ছবি দিয়ে সহায়তার আহ্বান জানানো হয় এবং আত্মীয়-স্বজন ও স্থানীয় যুবকরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় খুঁজতে বের হন।
পরে সোনারগাঁয়ের হাবিবপুর কবরস্থান সংলগ্ন এলাকা দিয়ে শিশুটিকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই নারীকে হাতেনাতে আটক করে। এ সময় বিক্ষুব্ধ জনতা নারী অপহরণকারীকে গণধোলাই দিয়ে শিশু মীমকে উদ্ধার করে। পরবর্তীতে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশের কাছে আটককৃত অপহরণকারী নারীকে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলেও শিশু অপহরণকারী চক্রের ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।