তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার হাতকোপা এলাকায় আব্দুল মালেক স্মৃতি উচ্চ বিদ্যালয়ে প্রতিবছরের মতো এবারও আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট সাতটি দল অংশগ্রহণ করে।

পর্যায়ক্রমে বিভিন্ন ধাপের খেলা শেষে অষ্টম ও নবম শ্রেণির দল ফাইনালে ওঠে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় হাতকোপা এলাকার বিশিষ্ট সমাজসেবক বাবুল বেপারীর মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক এম এ আবু তাহের রাজুর নেতৃত্বে খেলাটি পরিচালিত হয়। উত্তেজনাপূর্ণ ফাইনালে নবম শ্রেণির দল বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সহকারী শিক্ষক এম এ আবু তাহের রাজু বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সরকারের নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং উপজেলা ও জেলা পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর বিদ্যালয়ে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

তিনি আরও বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের মন সতেজ রাখে, শারীরিক গঠন ও মানসিক বিকাশে সহায়তা করে। পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও দলগতভাবে কাজ করার মানসিকতা তৈরি করে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিদ্যালয়ের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে এবং ভবিষ্যতে তারা উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করবে।