তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব এবং সাবেক জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত ও ক্ষতিগ্রস্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সরেজমিনে পরিদর্শন করেছেন।

রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর, ছয়হিস্যা, জৈনপুর ও কান্দারগাঁও এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ঘুরে দেখেন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া এসব সড়কের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং দ্রুত সংস্কার ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে খাইরুল ইসলাম সজিব সড়কগুলোর বেহাল অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এ সময় এলাকাবাসী দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা ও চলাচলের দুর্ভোগের বিভিন্ন বিষয় তাঁর কাছে তুলে ধরেন।

এ সময় খাইরুল ইসলাম সজিব বলেন, এলাকার মানুষের যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা সহজ ও নিরাপদ করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে অবহেলিত আষাঢ়িয়াচর, ছয়হিস্যা, জৈনপুর ও কান্দারগাঁও এলাকার ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, এসব সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অসুস্থ রোগীদের যাতায়াতেও সৃষ্টি হচ্ছে নানা সমস্যা। জনগণের এই দুর্ভোগ নিরসনে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

খাইরুল ইসলাম সজিব বলেন, অবহেলিত এসব এলাকার যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। কোনো লোকদেখানো বা নিম্নমানের কাজ যেন না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। সড়ক সংস্কারকাজের গুণগত মান নিশ্চিত করে এলাকার মানুষ যেন দীর্ঘমেয়াদে সুফল পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় তদারকি করা হবে।

তিনি বলেন, পিরোজপুর ইউনিয়নের অবহেলিত এলাকাগুলোকে উন্নত ও টেকসই যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে আমরা জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। মানুষের দুর্ভোগ দূর না হওয়া পর্যন্ত আমরা মাঠে থেকে তাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।

পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।