তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় র‌্যাব-১১-এর অভিযানে একটি পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে র‌্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল ফতুল্লা থানাধীন কুতুবাইল এলাকায় অবস্থিত প্যারাডাইস ক্যাবলের একটি পরিত্যক্ত ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে র‌্যাব সদস্যরা পরিত্যক্ত ফ্যাক্টরির আশপাশে তল্লাশি চালিয়ে ঝোপের আড়াল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেন।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১ জানায়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।