তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসমাবেশ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এ সময় কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় দলীয় কার্যালয়গুলোতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

দলের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জনসমাবেশে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের রাজনৈতিক সচিব খাইরুল ইসলাম সজিব, উপজেলা বিএনপি নেতা ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাসুম রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে দলটি গঠিত হয়।