তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ৩ জন, পরোয়ানাভুক্ত ২ জন, নারী ও শিশু আইনের মামলায় ১ জন এবং মাদকসেবনকারী ৬ জনসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন—শিরিনা আক্তার (৩০), মাসুম (৪৮) ও মো. ইউসুফ (৩২)। তারা সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

এছাড়া পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মাহিম (২২) ও আলী আক্কাস (২৭)কে গ্রেফতার করা হয়।

অন্যদিকে মাদকসেবনের অভিযোগে মো. রাব্বি সরকার (২৭), মো. ওমর ফারুক (৪৩), মো. সাদেক হোসেন (২৬), মো. মাসুম আলম (৩০), তৌহিদুর রহমান সিয়াম (২৫) ও মো. রিফাত হোসেন (২৭)কে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, নিয়মিত মামলায় হাড়িয়া বৈদ্যপাড়া এলাকার মো. ছানোয়ার হোসেন (৪৬)কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান ও সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে সোনারগাঁ থানা পুলিশ।