তরিকুল ইসলাম প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে অবস্থিত শ্রী শ্রী গৌড় নিতাই আখড়া প্রাঙ্গণে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে আখড়া প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মোগরাপাড়ার শ্রী শ্রী গৌড় নিতাই আখড়া থেকে শুরু হয়ে রিষিপাড়া এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আখড়া প্রাঙ্গণে এসে শেষ হয়।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হোসেন, হামিদ মিয়া, ছাত্রদল নেতা বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন

অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আতাউর রহমান শ্রী শ্রী গৌড় নিতাই আখড়ার আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান এবং সবার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

সোনারগাঁও থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, “সারা দেশের ন্যায় সোনারগাঁওয়ের মোগরাপাড়া ইউনিয়নের শ্রী শ্রী গৌড় নিতাই আখড়ায় শান্তিপূর্ণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী পালিত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।”

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের প্রাধান্য থাকলে জন্মাষ্টমী পালিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে জন্মাষ্টমী পালিত হয়ে থাকে।

উৎসবকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। র‍্যালিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তরা অংশ নেন।