তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা আক্তারের বিরুদ্ধে এক রোগীর সঙ্গে দুর্ব্যবহার ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, মোহাম্মদ মনির হোসেন নামে এক রোগী হাসপাতালের ভেতরে কান্নাকাটি করছেন। কান্নার কারণ জানতে চাইলে তিনি অভিযোগ করেন, পায়ে বিভিন্ন ধরনের গোটা হওয়ায় দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন তিনি। চিকিৎসার জন্য সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গেলে তাকে বহির্বিভাগের সার্জারি বিভাগের চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়।

মনির হোসেনের অভিযোগ, বহির্বিভাগে সার্জারি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা আক্তারের কাছে গেলে তাকে প্রথমে টিকিট নিয়ে আসতে বলা হয়। পরে টিকিট কাউন্টারে গিয়ে তিনি জানতে পারেন, নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় নতুন করে টিকিট দেওয়া সম্ভব নয়।

রোগীর দাবি, বিষয়টি চিকিৎসককে জানালে তাকে নিরাপত্তাকর্মীকে সঙ্গে নিয়ে আসতে বলা হয়। পরে নিরাপত্তাকর্মীকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কক্ষে গেলেও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় এবং একপর্যায়ে তাকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়ে হাসপাতালের ভেতর কান্নাকাটি শুরু করেন বলে জানান।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা রোগীর বক্তব্য নেওয়ার পর অভিযোগের বিষয়ে চিকিৎসক ডা. ফারজানা আক্তারের বক্তব্য জানতে তার কক্ষে যান। উপস্থিত সাংবাদিকদের দাবি, এ সময় চিকিৎসক কক্ষের দরজা বন্ধ করে দেন। পরে দরজা খুললেও তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি বলে অভিযোগ করেন তারা।

বিষয়টি সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (টিএইচও) জানানো হলে তিনি ঘটনার বিষয়ে অবগত থাকার কথা জানিয়ে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয় কয়েকজনের দাবি, এর আগেও রোগী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে ডা. ফারজানা আক্তারের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছিল। সাংবাদিক মাসুদ রানাহিরু মিয়ার সঙ্গেও পূর্বে একই ধরনের ঘটনার অভিযোগ রয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন রোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ রয়েছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে একজন চিকিৎসকের বিরুদ্ধে বারবার এ ধরনের অভিযোগ ওঠায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সঙ্গে চিকিৎসকদের সৌজন্যমূলক ও মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানান তারা।

তবে এ বিষয়ে ডা. ফারজানা আক্তারের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যথাযথভাবে তুলে ধরা হবে।