তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ওয়াসিকার মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আটক ওয়াসিকার মোল্লা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার শাসন এলাকার মৃত আব্দুল হালিম মোল্লার ছেলে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাদিপুর ইউনিয়নের আমগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, ওয়াসিকার মোল্লা দীর্ঘদিন ধরে স্থানীয় মনসুর আলীর গরুর খামারে রাখালের কাজ করতেন। ওই কিশোরী বাজারে যাতায়াতের সময় তাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন করে আসছিলেন অভিযুক্ত। সর্বশেষ শনিবার তাকে খামারের রাখাল ঘরে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগীর দাদি বলেন, তিনি দরিদ্র। অসুস্থ স্বামী, মা-হীন নাতনি ও পরিবারের দায়িত্ব সামলাতে তিনি মানুষের বাড়িতে কাজ করেন। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ প্রায় ছয় বছর ধরে ওই এলাকায় গরুর খামারে রাখালের কাজ করলেও তার বিরুদ্ধে এমন অভিযোগ উঠবে, তা তিনি বুঝতে পারেননি।
ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেয়।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম মো. জসীম উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিচয় গোপন রাখা হয়েছে।