তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ সানী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সনমান্দী ইউনিয়নের ফতেপুর এলাকায় আলমগীর হোসেনের ‘আনিকা সাইকেল স্টোর’-এর সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সানী চাঁদপুর সদর থানার মনোহরকান্দী (বিষ্ণুপুরা) এলাকার মো. লোকমান বেপারীর ছেলে। তার মায়ের নাম মৃত তহুরা।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর শেখ পারভেজ বিন কামাল চৌধুরীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে সানীকে গ্রেফতারের পর তার হেফাজত থেকে ৬ কেজি কথিত মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।