তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় চলমান উদ্ধার কার্যক্রম পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও সোনারগাঁ থানা পুলিশ যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উদ্ধার কার্যক্রম পরিদর্শনকালে এমপি আজহারুল ইসলাম মান্নান ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং নিখোঁজদের উদ্ধারে চলমান তৎপরতা প্রত্যক্ষ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিক, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এদিকে ট্রলারডুবিতে নিহত নারীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ। একই সঙ্গে নিখোঁজ চারজনকে দ্রুত খুঁজে বের করে নিরাপদে উদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

নিখোঁজদের দ্রুত সন্ধান ও নিরাপদ উদ্ধারের জন্য উদ্ধারকারী দলগুলো সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহ নিখোঁজদের নিরাপদে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিন এবং নিহতের রুহের মাগফিরাত দান করুন।