তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল কেরু মদসহ বিভিন্ন মামলায় ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলায় ৩ জন, মাদকসেবী ৯ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, হত্যা মামলায় ১ জন, নারী ও শিশু নির্যাতন মামলায় ১ জন, চুরি মামলায় ১ জন এবং ডাকাতি মামলায় ২ জনসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক মামলার আসামিরা হলেন—মো. আব্দুল্লাহ (১৮), মো. ওয়াকিল (১৮) ও মো. মীর আলম (৪৫)। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক বোতল কেরু মদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাদকসেবী হিসেবে গ্রেফতার ৯ জন হলেন—মো. খোকন (২১), মেহেদী হাসান মুন্না (২৭), মো. ওসমান গণি (৪৫), আবুল বাদশা (৫৭), মো. আঃ রহিম (৫০), মো. ইমরান (২৬), মো. গাজী বিল্লাল (৪০), রাকিব ওরফে সজীব (২৬) ও মো. সাকিল (২৪)।

নারী ও শিশু নির্যাতন মামলায় জয়নাল আবেদীন (৩১), হত্যা মামলায় মো. মান্নান (৩০), চুরি মামলায় জাহিদ হাসান বাপ্পী (২৮) এবং ডাকাতি মামলায় মো. সাকিব (২৩) ও সিফাতুল ইসলাম জনি (২২)কে গ্রেফতার করা হয়।

এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে কাজী সেলিম, ছানাউল্লাহ (৫১) ও মুক্তা আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।