তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক বৈদ্যেরবাজার বটতলা প্রধান সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে। বৃষ্টির পানি ও দীর্ঘদিন ধরে জমে থাকা নোংরা পানির কারণে এলাকায় পরিবেশদূষণ ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। এতে সাধারণ পথচারী, বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
স্থানীয়দের দীর্ঘদিনের এ ভোগান্তি লাঘব এবং এলাকার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নানের সার্বিক সহযোগিতা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় ড্রেন নির্মাণকাজ শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈদ্যেরবাজার বটতলার প্রধান সড়ক থেকে শুরু হওয়া এ ড্রেন নির্মাণকাজ ঐতিহাসিক মেঘনা নদীর ঘাট পর্যন্ত বিস্তৃত হবে। ড্রেনটি নির্মিত হলে বৃষ্টির পানি ও জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ সৃষ্টি হবে। ফলে দীর্ঘদিনের জলাবদ্ধতা, দুর্গন্ধ ও চলাচলের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্মাণকাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন হলে বৈদ্যেরবাজারের ব্যবসায়িক পরিবেশ ও জনসাধারণের চলাচলে ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি বাজার ও আশপাশের এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হবে।
দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনে ড্রেন নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসার প্রত্যাশা তৈরি হয়েছে। তবে স্থায়ী সমাধান নিশ্চিত করতে নির্মাণকাজ সঠিকভাবে সম্পন্ন করার পাশাপাশি ড্রেনের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাও জরুরি।