তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে চেয়ারম্যান মামুনের ছোট ভাই সুমনকে জড়িয়ে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বৈদ্যেরবাজার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুনের ছোট ভাই সুমন। তার দাবি, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।

সুমনের অভিযোগ, চেয়ারম্যান মামুনের ব্যাপক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই তার একমাত্র স্নেহের ছোট ভাইয়ের নাম ব্যবহার করে এমন একটি সংবাদ প্রকাশ করানো হয়েছে।

সুমন বলেন, প্রকাশিত প্রতিবেদনে যে নারীকে অভিযোগকারী হিসেবে উল্লেখ করা হয়েছে, তার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পর্ক নেই। এমনকি ওই নারীকে তারা ব্যক্তিগতভাবেও চেনেন না। ফলে তার বিরুদ্ধে বা তাদের পরিবারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, সংবাদটি প্রকাশের আগে প্রতিবেদন সংগ্রহকারী সাংবাদিক বা সংশ্লিষ্ট কেউ তার কিংবা তার বড় ভাই চেয়ারম্যান মামুনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করেননি। তাদের বক্তব্য না নিয়ে একতরফাভাবে সংবাদ প্রকাশ করায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

সুমনের দাবি, চেয়ারম্যান মামুনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং তার জনপ্রিয়তায় আঘাত করাই এ ধরনের সংবাদ প্রকাশের মূল উদ্দেশ্য। রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের হেয় করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এদিকে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পরামর্শ নেওয়া হচ্ছে জানিয়ে সুমন বলেন, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি একই সঙ্গে সংবাদমাধ্যমকে কোনো অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করে তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।