তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি কথিত গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) রাত ১টা ২৫ মিনিটে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর পুলিশ চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল এলাকার আব্দুল লতিফের ছেলে ফয়সাল ওরফে জুজু (২৯), একই উপজেলার কুঠি জাজিয়ারা এলাকার মোহন মিয়ার ছেলে আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের ছুটিভাগবাউল এলাকার মো. জবেদ আলীর ছেলে মো. শাকিল (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ইন্সপেক্টর (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি পলিথিন ব্যাগে থাকা যথাক্রমে ৪ কেজি, ৩ কেজি ও ২ কেজি কথিত গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৯ কেজি।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।